নৌপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দ্যেশ্যে ছেড়ে আসা ঈগল-৭ লঞ্চ ঝড়ের কবলে পড়লে অল্পের জন্য বড় ধরনের নৌকা থেকে রক্ষা পেয়েছে একাধিক লঞ্চ।প্রবল ঝড় বৃষ্টির সময় লঞ্চ ডুবে যাচ্ছে এই আতঙ্কে হুড়হুড়ি করে নামতে গিয়ে বেশ ক'জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে চারজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার সময় চাঁদপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ এসপি, কোস্ট গার্ড কমান্ডার, বিআইডব্লিউটিএ,ফায়ার সার্ভিস, রোভার স্কাউট কর্মকর্তা সেখানে ছুটে যান এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার তৎপরতার নির্দেশনা দেন। বিআইডব্লিউটিএ চাঁদপুরের কর্মকর্তা(ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান,ঢাকা থেকে ছেড়ে আসা একাধিক লঞ্চ দুপুরের সময় চাঁদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঝড় বৃষ্টির কবলে পড়ে।ঈগল ও মিতালী -৭ এ দুটি লঞ্চ চাঁদপুর ঘাটে ভিড়ার সময় ঝড়ের কবলে পড়লে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নৌপুলিশ,লঞ্চের কর্মচারী, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট সদস্যরা এবং ঘাট লঞ্চ সুপারভাইজার লোকজন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে লঞ্চে থাকা সকল যাত্রীকে নিরাপদে ঘাটে আনে। এ পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান,লঞ্চটি বর্তমানে চাঁদপুর ঘাটে রয়েছে এবং সব যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়া হয়েছে এবং তাদের খোঁজখবর নেয়া হচ্ছে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার এবং কোস্ট গার্ড কমান্ডার লঞ্চঘাটে এসে যাত্রীদের ব্যাগসহ মালামাল বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করেন। নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, সোমবার দুপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে একাধিক লঞ্চ ঝড়ের কবলে পড়েছে।এখন পর্যন্ত কোন ধরনের নৌ দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, ঝড়ের কবলে পড়া লঞ্চ হতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত যাত্রীদের চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়।