কালীগঞ্জে ব্যবসায়ীদের ক্ষোভ

বারোবাজারে পরিবেশক সমিতির গাড়ি থেকে চাঁদা আদায়

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৭:০৫ পিএম
বারোবাজারে পরিবেশক সমিতির গাড়ি থেকে চাঁদা আদায়

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারবাজার হাটে পরিবেশক সমিতির পণ্যবাহী বিভিন্ন গাড়ি থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী ও পরিবেশকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, কালীগঞ্জ পরিবেশক সমিতির পণ্যবাহী গাড়িগুলো বারবাজার হাটে প্রবেশ করলেই ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। অথচ এসব গাড়ি পৌর শহর থেকে পণ্য পরিবহনের সময় নিয়ম অনুযায়ী পৌরসভার টোল পরিশোধ করেই বের হয়। এরপরও হাটে প্রবেশের সময় পুনরায় টাকা আদায়কে অন্যায্য বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ বিষয়ে বারবাজার হাটের ইজারাদার রওশন আলী খোকা বলেন, হাটে পণ্য আনলে খাজনা দিতে হবে, এটা স্বাভাবিক। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। কালীগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক বিএম কামরুজ্জামান শিপলু এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, পৌরসভার টোল পরিশোধ করেই পণ্যবাহী গাড়ি শহর ছাড়ে। এরপর আবার বারবাজার হাটে চাঁদা আদায় করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি খোঁজ নিয়ে দেখছি। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এ ধরনের অতিরিক্ত চাঁদা আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে