নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক সময়ে ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় ২০টি পরিবারনও দুইটি প্রতিষ্ঠান । ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ৩৩ বান্ডিল ঢেউটিন, নগদ ৯৯ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২৫ মে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে ওইসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এসব উপকরণের মধ্যে ২০ পরিবারের মাঝে ২৮ বান্ডিল এবং দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। একইসাথে ঘর মেরামত বাবদ প্রত্যেক বান্ডিল ঢেউটিন প্রতি নগদ তিন হাজার করে মোট ৯৯ হাজার টাকা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেয়া হয়। এছাড়াও তাদের প্রত্যেককে দেওয়া হয় শুকনো খাবারের প্যাকেট। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সুত্র জানায়, সম্প্রতি ঝড় ও শিলাবৃষ্টিতে কামারপুকুর ইউনিয়নে একটি, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে একটি, বাঙালিপুর ইউনিয়নে ১৫ টি পরিবার,একটি মসজিদ,একটি মাদরাসা ও পৌর এলাকায় তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তাদের তালিকা প্রণয়নের পর ঢেউটিন, নগদ অর্থ এবং শুকনো খাবার দেওয়া হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদসহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা। বিতরণকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মানবিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ওইসব ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।