সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, ভালো মানুষ তৈরির পাশাপাশি শিক্ষার মাধ্যমে ছেলে-মেয়েদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের লক্ষ্য। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একজন ভালো মানুষের যদি ভালো জ্ঞান ও দক্ষতা থাকে, তাহলে তার কোথাও আটকে থাকার কথা নয়। আমরা ভালো মানুষ চাই, ভালো শিক্ষা চাই। এই শিক্ষার মাধ্যমে প্রতিটি ছেলে-মেয়েকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।’ এর আগে তিনি উপজেলা অডিটোরিয়াম এ ৩৩ জন শিক্ষার্থী এবং ৫ জন অসহায় ও অসুস্থ নারী-পুরুষের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী হাসান, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা সহ অনেকে।