মানবিক উদ্ধারেও বাঁচানো গেল না অজ্ঞাত আহত ব্যক্তিকে

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৬:৪০ পিএম
মানবিক উদ্ধারেও বাঁচানো গেল না অজ্ঞাত আহত ব্যক্তিকে

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মানবিক উদ্যোগে স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, তিনি কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে সরকারি অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এখনও পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে। কেউ তার পরিচয় জেনে থাকলে নিকটস্থ থানা অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তার পরিবারের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে