আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুটি জেলে নৌকাসহ নিখোঁজ হয়েছেন দুই জেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মে) দুপুরে সন্ধা নদীর বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের শেষপ্রান্তে অবস্থিত মীরেরহাট এলাকায়। ঝড় থেমে যাওয়ার পর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের ব্যবহৃত জাল উদ্ধার করলেও নিখোঁজ দুই জেলে কিংবা তাদের নৌকার কোনো সন্ধান মেলেনি। স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চাখার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের চাচাতো ভাই মো. আউয়াল হোসেন। অপর নিখোঁজ ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।