নীলফামারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের প্রধান জামাত নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ওই জামাতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি দেওয়া হয়। শহর ও গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
জেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নীলফামারীবাসী পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।