ঈদের আনন্দের বদলে এলো লাশ, বাড়ি ফেরা হলো না কাদেরের

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ২৯ মে, ২০২৬, ০৩:৩৪ পিএম | প্রকাশ: ২৯ মে, ২০২৬, ০৩:৩৪ পিএম
ঈদের আনন্দের বদলে এলো লাশ, বাড়ি ফেরা হলো না কাদেরের

ঈদুল আজহা সামনে রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রাজমিস্ত্রী আঃ কাদের (৩১)। কিন্তু সেই ফেরা আর আনন্দের হলো না। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানলেন তিনি। ঈদের আনন্দের অপেক্ষায় থাকা পরিবারে এখন শুধুই কান্না আর শোকের মাতম। মঙ্গলবার (২৭ মে) সকালে নাটোরের লালপুর-রাজশাহী আঞ্চলিক সড়কের মাধবপুর পাকা রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত আঃ কাদের উপজেলার গন্ডবিল গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় কাজ করতেন কাদের। ঈদ উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছিলেন তিনি। পথে একটি অটোচার্জার গাড়িতে যাত্রী হিসেবে আসার সময় মাধবপুর মোড় এলাকায় রাস্তার বাঁকে গাড়িটি ঘোরানোর সময় হঠাৎ তিনি অটো থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মে) সকাল ৭টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। ঘটনার প্রাথমিক তদন্ত করেন লালপুর থানার এসআই  মিজানুর খোন্দকার। 

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম  জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ না করায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের জন্য বলা হয়েছে। ঈদের আগে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে