ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে সদস্য এবং পাগলা থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জাতির প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়িয়ে জাতির হাল ধরেছেন। শনিবার (৩০ মে) বিকেলে গফরগাঁও উপজেলার পাইথল সরকার বাড়িতে মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে
গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ রানা বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। তাঁর জীবনাদর্শ, সততা, দায়িত্ববোধ ও জনগণমুখী রাজনীতি দেশের মানুষের কাছে আজও অনুকরণীয়।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক আদর্শের অনুসারীদের আচরণ, দায়িত্ববোধ, জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। জনগণ যেন তাদের কর্মকাণ্ডে শহীদ জিয়ার আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন দেখতে পায়, সে বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে সদস্য এবং পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল ফাতাহ্ খান।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিয়ে সম্মৃদ্ধ বাংলাদেশ নির্মানের জন্য কাজ করছে বিএনপি।
তিনি আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি। উনিশ দফা বাস্তুায়নের মাধ্যমে একত্রিশ দফা বাস্তুায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সেবা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ছুয়াদুর রহিম ভুলু এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফোরকান। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।