কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস দূর্ঘটনায় নিহত দুলালের পরিবারের খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদান করলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ। রোববার সকালে কেজিস্কুল পাড়া দেওয়ানের খামার গ্রামে নিহতের বাড়িতে উপস্থিত হয়ে তার বড়ভাই ও স্ত্রীর খোঁজ খবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার নিকট পৌঁছলে হঠাৎ করে বাসটির ব্রেক ফেল করে। শত চেষ্টা করেও ড্রাইভার যখন বাসটির নিয়ন্ত্রণ আনতে পারছিলেন না, তখন শেষ চেষ্টা হিসাবে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন বাঁচাতে বাস থেকে নেমে কাঠের গুড়ি ও ভারী জাতীয় জিনিস চাকার নিচে দিয়ে বাসটি থামানোর চেষ্টা করে। এভাবে বাসটি থামাতে গিয়ে দুলাল নিজেই চাকার নিচে পড়ে পিস্ট হন এবং নিজের জীবন দিয়ে বাসটি থামান। এ জন্য বাসের যাত্রীরা সকলেই অক্ষত অবস্থায় রক্ষা পায়। উপজেলা নির্বাহী অফিসার তার জীবন বাজী রেখে যাত্রীদের জীবন বাঁচানোর ঘটনা নজিরবিহীন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার পরিবারের মঙ্গল কামনা করেন। তিনি পরিবারটিকে আর্থিক সহায়তার আবেদন করার পরামর্শ প্রদান করেন এবং এ ব্যাপারে তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পরে নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনকে আর্থিক সহায়তা প্রদান করেন।