কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক কিশোর পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় অপর দুই সহযোগী রাব্বি (১৮) ও আবির (১৬) আহত হয়েছে। একই সঙ্গে মিম নামের এক পথচারীও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মাঝিবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে। নিহত জিসান তার দুই সহযোগিকে নিয়ে মোটরসাইকেলযোগে কুয়াকাটায় বেড়াতে আসেন।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, সকালে জিসান, রাব্বি ও আবির মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ এক পথচারী নারী রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। এসময় পথচারী নারীও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত পথচারী মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল বাতেন গণমাধ্যমকে জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জিসান নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মহিপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) অনিমেষ হালদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে অবস্থান করছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।