সৈয়দপুরে দেরিতে অফিসে এলেন কর্মকর্তারা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০৪:৫০ পিএম
সৈয়দপুরে দেরিতে অফিসে এলেন কর্মকর্তারা

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিসে উপস্থিতির ক্ষেত্রে সরকারি নির্দেশনা পালনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চরম গাফিলতি দেখা গেছে। সৈয়দপুর উপজেলার বেশ কয়েকজন কর্মকর্তা ন্যুনতম আধা ঘণ্টা থেকে ৩ ঘন্টা বিলম্বে অফিসে আসেন। ১ জুন সকাল সাড়ে ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অবস্থানকালে এই চিত্রই পাওয়া যায়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা যথা সময়ে অফিসে আসলেও অন্যান্য কর্মকর্তারা আসেন দেরিতে । 

তাদের মধ্যে হিসাব রক্ষণ কর্মকর্তা আসেন ৯ টা ১৫, খাদ্য কর্মকর্তা আসেন ৯ টা ২০, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৯ টা ৩০, যুব উন্নয়ন কর্মকর্তা আসেন ৯ টা ৩৭, মহিলা বিষয়ক কর্মকর্তা ১০ টা ১০ মিনিটে। এছাড়া বেলা ১২ টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাবুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল মোক্তাদির, নির্বাচন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আবু জাফর্, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা, তথ্যকেন্দ্র কর্মকর্তা কেউই অফিসে আসেননি। অফিসের সিসি ক্যামেরা দেখলে মিলবে সত্যতা।

কেন বিলম্বে অফিসে আসা তার সঠিক উত্তর পাওয়া যায়নি। সকাল ৯ টা ৩৭ মিনিটে অফিসে আসেন যুব উন্নয়ন কর্মকর্তা মতিউর রহমান। তিনি উপজেলা পরিষদের পাশেই থাকেন অথচ আধা ঘণ্টা দেরিতে আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এতটুকু বিলম্ব কোন বিষয় নয়। একইভাবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুয়েল রানা সকাল সাড়ে ৯ টায় উপস্থিত হলেও ২ বছর বয়সী নিজ বাচ্চাকে (ছেলে) অফিসের টেবিলে বসিয়ে খেলা করছিলেন। অথচ পাশেই উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসে তার স্ত্রী শারমিন খানম কাজ করছিলেন। সংবাদ কর্মীদের সাথে কথা বলার সময় একজন মহিলা অফিস স্টাফকে ডেকে ছেলেকে নিয়ে এসে তার কাছে দেন। এভাবে স্বামী স্ত্রী মিলে শিশুকে এনে অফিসের নিম্নপদের কর্মচারিকে দিয়ে দেখভাল করান বলে অভিযোগ রয়েছে। বেলা ১২ টা পর্যন্ত সহকারী কর্মকর্তা খাদ্য পরিদর্শক ফাহমিদা খানম ও নাজমুন নাহার চৌধুরী অনুপস্থিত।  সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে আমরা সদা সক্রিয়। ঈদ পরবর্তী যথাসময়ে অফিসে উপস্থিত হয়ে জনসেবা কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় বদ্ধপরিকর।  যারা সময়মত অফিসে আসেননি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে