সৈয়দপুরে গোডাউন ভাড়া নিয়ে গোপনে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০১:১৮ পিএম
সৈয়দপুরে গোডাউন ভাড়া নিয়ে গোপনে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে একটি ভাড়া নেওয়া গোডাউনে গোপনে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সেখানে উৎপাদন কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির বাইরে ছিল বিষয়টি।

শহরের উপকণ্ঠে বাইপাস মহাসড়ক কুন্দল এলাকায় অবস্থিত মরহুম নজরুল ইসলামের একটি গোডাউনে কয়েক মাস আগে ব্যবসার কথা বলে ভাড়া নেয় কাদের নামে এক ব্যক্তি । প্রথমদিকে সাধারণ গুদাম হিসেবে ব্যবহার করা হলেও পরে সেখানে প্লাস্টিক গলানোর মেশিন ও কাঁচামাল আনা হয়। এরপর থেকেই রাতভর মেশিন চলার শব্দ, ধোঁয়া এবং তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন আশপাশের বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিন গভীর রাত পর্যন্ত গোডাউনটিতে কাজ চলতে দেখা যায়। ট্রাক ও পিকআপযোগে বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হয় বলেও অভিযোগ করেন তারা।

পরিবেশবিদরা বলছেন, নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া, জলাবদ্ধতা সৃষ্টি এবং মাটি ও পানিদূষণের অন্যতম কারণ এই পলিথিন। বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার আইনত দণ্ডনীয়। সরকার সম্প্রতি এ বিষয়ে নজরদারি ও অভিযান জোরদার করেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অবৈধ উৎপাদন বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা সম্ভব হয়।

এ ব্যাপারে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কাদের হোসেনকে ফোন করা হলে তিনি ফোন রিসিপ না করায় মতামত নেয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে