ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ ও ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে মানববন্ধন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০৪:৩৪ পিএম
ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ ও ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে মানববন্ধন

ইসলামী ব্যাংকে  অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদ, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, রংপুর শাখা।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখার সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, রংপুরের কামারুজ্জামান পুলক, বিশিষ্ট ব্যবসায়ী শাহানত মিয়া, অ্যাডভোকেট তারেকুজ্জামান তারেক, হুসাইন আহমেদ বাবুল, নারী গ্রাহক শামীমা আক্তার, জান্নাতুল ফেরদাউসসহ আরও অনেকে।

বক্তারা বলেন, একসময় দেশের অন্যতম আস্থাশীল ও শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক ধারাবাহিক অনিয়ম, রাজনৈতিক ও গোষ্ঠীগত হস্তক্ষেপ এবং বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারির কারণে গভীর সংকটে পড়েছে। বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ব্যাংকের সুশাসন ভেঙে পড়ে এবং বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়ার অভিযোগ ওঠে। এর ফলে ব্যাংকটির প্রায় ৪ কোটি গ্রাহকের আমানত ও আস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর থেকে গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর ফলে অনেক আমানতকারী অর্থ উত্তোলন শুরু করেছেন, যা ব্যাংকের সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং চলমান অস্থিতিশীলতা নিরসনে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানের ছুটি অবিলম্বে বাতিল করে তাঁকে স্বপদে পুনর্বহালের দাবি জানান বক্তারা। একই সঙ্গে ব্যাংক পরিচালনায় সব ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে আরও দাবি জানানো হয়, বর্তমান চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের মাধ্যমে তাদের ব্যাংকঋণ ও অন্যান্য দায়-দেনা পরিশোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গ্রাহকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় পরিচালনা পর্ষদ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে চেয়ারম্যানের পদত্যাগে বাধ্য করা হবে।

এ সময় রাজধানীতে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ গ্রাহকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ মদদে ইসলামী ব্যাংকে পুনরায় এস আলম গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে ব্যাংকটিকে ধ্বংসের যে অপচেষ্টা চালানো হচ্ছে, তার সমুচিত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে