শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ১১:০৭ এএম
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুন

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারের স্টোর রুম অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১১টার মধ্যে হাসপাতালের নিচতলায় অবস্থিত স্টোররুমে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পরলে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

হাসপাতাল সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই হাসপাতালের নিচতলার ওষুধের স্টোররুম থেকে ধোঁয়া বের হতে দেখেন রোগীর স্বজনরা। কিছুক্ষণের মধ্যেই আগুনের ধোঁয়া ছড়িয়ে পরতে শুরু করলে তারা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। খবর পেয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টোররুমের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুনের লেলিহান শিখা দেখা দিলে অনেকে দ্রুত হাসপাতাল ভবন থেকে বের হয়ে খোলাস্থানে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা তৎপর হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায় স্টোররুম থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। তিনি বলেন, আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক অর্থ ও ভান্ডার ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, অগ্নিকাণ্ডে স্টোররুমে সংরক্ষিত কিছু ওষুধ এবং বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে কিছু ওষুধ ও বৈদ্যুতিক সংযোগের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে