কক্সবাজারে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ১১:২৬ এএম
কক্সবাজারে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা

কক্সবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লিমিটেডের গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার ( ২ জুন ) সকাল ১১ টায় কক্সবাজার শহরের বাজার ঘাটায়  প্রধান সড়ক সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক সমাজ কক্সবাজারের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের সহস্রাধিক গ্রাহক অংশ নেন।  এতে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন হস্তক্ষেপে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শুধু ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, দেশের অর্থনীতি ও লাখো গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বক্তারা আরো বলেন, পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা অক্ষুণ্ন রাখা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক সমাজের নেতা ব্যাবসায়ী জসিম উদদীন, এম. মোজাম্মেল হক, ইন্জিনিয়ার মোতাহের হোসাইন, মুহাম্মাদ নুরুল আমিন, মাওলানা মোজাহের আহমদ, মাওলানা হাফেজ ফরিদুল হক, মাওলানা আবুল কাসেম ও মনসুর আলম প্রমূখ ।

আপনার জেলার সংবাদ পড়তে