নড়াইল সদরে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ভয়াবহ দুর্ঘটনায় স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা নড়াইল মহাসড়কের নড়াইল সদরের বাদশার গ্যারেজে কাছে পূর্ব বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই স্থানে যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।
নিহতরা হলেন: পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহের হোসেনের মা জাহানারা বেগম (৫৫), তিনি যশোরের পুলেরহাট এলাকার মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। অ্যাম্বুলেন্সচালক মো. আকবর হোসেন (২৯) লক্ষীপুরের রামগাতী উপজেলার পূর্ব চর কলা কোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহের হোসেনের বাবা ইসমাইল হোসেন বুধবার ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান। তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে মা জাহানারা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি যশোরের উদ্দেশে রওয়ানা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, অ্যাম্বুলেন্স ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পুলিশ কর্মকর্তার মা নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স চালকও মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।