সরাইলে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৩ জুন, ২০২৬, ০৭:০৫ পিএম | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০৭:০৫ পিএম
সরাইলে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’-এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রাম আদালত বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নই এ কর্মশালার লক্ষ্য। স্থানীয় সরকারের অধীন সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের আওতায় গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা: রজিয়া আক্তার, ব্রাকের জেলা সমন্বয়ক বিভাস কিশোর দাশ, মিতালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মাহবুব খান, উপলদ্ধি সমাজ কল্যাণ সমিতির সভাপতি দেবদাস সিংহ রায় ও দু:স্থ মানব উন্নয়ন সংঘের চেয়ারম্যান মো. আলমগীর। গ্রাম আদালত কী? কেন? এই আদালতের গুরূত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান অতিথি সকলের উদ্যেশ্যে বিশদ ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটি গ্রাম তথা তৃণমূলের বাসিন্দাদের ছোটখাট মামলা গুলোর জন্য সময় শাররীক মানসিক ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে গ্রাম আদালত দ্রূত কার্যকর করা আবশ্যক। এ আদালতে উকিল বা কৌশলীর কোন প্রয়োজন নেই। বাদী বিবাদীই কৌশলী হয়ে স্বল্প সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন হয়ে থাকে। শুধু প্রয়োজন গ্রাম আদালতের সুবিধা সমূহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে পৌঁছে ব্যাপক হারে সচেতনতা বৃদ্ধি করা। স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য সংস্থা যারা সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে কাজ করছেন তারাই সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে মানুষকে উদ্ভুদ্ধ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে