বড়ো সুখবর পেলো বাংলাদেশি ফুটবল প্রেমীরা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০৭:১২ পিএম
বড়ো সুখবর পেলো বাংলাদেশি ফুটবল প্রেমীরা

বিশ্বকাপ ফুটবল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে বিবেচিত। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী বিশ্বকাপ ফুটবল দেখার জন্য চার বছর অধীর আগ্রহে থাকে। সৌভাগ্যবানরা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখতে পারেন। বাকিদের ভরসা টেলিভিশন কিংবা ডিজিটাল দুনিয়া। আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচ টিভি পর্দায় দেখা নিয়ে বাংলাদেশে অনিশ্চয়তা ছিল। এর মধ্যেই পাওয়া গেল স্বস্তির খবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা যে কোনো স্থান থেকে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। গতকাল বুধবার নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলালিংক। পোস্টে বলা হয়েছে, বাংলালিংকের সকল ইউজার ফ্রি-তে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন টফি-তে। তবে সেজন্য গ্রাহকদের নির্দিষ্ট প্যাক কিনতে হবে। এ ছাড়া আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, দেশের টেলিভিশন দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলবে ২০২৬ বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে রেকর্ড ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেবে।