বাংলাদেশ এর ভৌগলিক নিদর্শন বহনকারী বেদানা জাতের লিচু উৎপাদনের অন্যতম রাজধানী বিরল। আর এ বিরল উপজেলায় জমিতে লিচু উৎপাদন হয়। ইতিমধ্যে এ উপজেলার লিচু ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানী করা হয়েছে এবং এবারেও রপ্তানী করা হবে। বুধবার বিকালে বিরলের রপ্তানীযোগ্য এ লিচু বাগান পরিদর্শনে ডিসি-এসপি ও কৃষি বিভাগের ডিডিসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ একইসাথে বাগানে উপস্থিত হয়েছেন।
এসময় বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আকতার বাগানের উৎপাদিত লিচুসমূহের পরিচর্যা ও রপ্তানী কার্যক্রমের প্রক্রিয়াসমূহ তুলে ধরেন। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মূসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, দিনাজপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম কার্যক্রমসমূহ দেখে সন্তোষ প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ বরকত উল্লাহ ও আফরোজা হক আঁখি এবং বাগান মালিক মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার ০১ মে. টনের মত চায়না থ্রি ও বোম্বে লিচু রপ্তানী করা হবে। চলতি জুনের ৮ থেকে ১০ তারিখের মধ্যে এ লিচু রপ্তানীর লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ।