লক্ষ্ণীপুরে মিথ্যা মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ জুন) সকালে লক্ষ্ণীপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও একজন ডেইরি ফার্ম ব্যবসায়ী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আফতাব উদ্দিন ও তার সহযোগীরা প্রতিবেশীদের মারধর করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও জহির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এরপরও তাকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং তিনি দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।
বক্তারা বলেন, “জহির উদ্দিন নির্দোষ। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। প্রশাসনের কাছে আমাদের দাবি, বিষয়টি সরেজমিনে তদন্ত করে তার মুক্তির ব্যবস্থা করা হোক।” তারা আরও অভিযোগ করেন, আফতাব উদ্দিন ও তার ভাই মাহতাব উদ্দিন এলাকায় ভূমিদস্যু ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তাদের প্রভাবের কারণে নির্দোষ ব্যক্তিরা হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজও চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তারা।
মানববন্ধন থেকে বক্তারা বিরোধপূর্ণ জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধ এবং জহির উদ্দিনের দ্রুত মুক্তির দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, বিএনপি নেতা মো. রুবেল, জহির উদ্দিনের ভাই মো. আলিম উদ্দিন, ছেলে মো. নাঈম, মেয়ে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।