সৈয়দপুরে

তাপদাহ উপেক্ষা করে স্ট্রিট লাইট সচল, কাজে ব্যস্ত কর্মচারীরা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০২:৪৩ পিএম
তাপদাহ উপেক্ষা করে স্ট্রিট লাইট সচল, কাজে ব্যস্ত কর্মচারীরা

দেশের বিভিন্ন অঞ্চলের মতো সৈয়দপুরেও চলমান তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনের বেলায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি কর্মজীবী মানুষও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পৌরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সৈয়দপুর পৌরসভার স্ট্রিট লাইট রক্ষণাবেক্ষণ কর্মীরা। পৌরসভার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় স্ট্রিট লাইট সচল রাখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠপর্যায়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। কোথাও বৈদ্যুতিক ত্রুটি, কোথাও বাতি নষ্ট কিংবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করছেন তারা। পৌরসভা সূত্রে জানা যায়, রাতের বেলায় সড়ক আলোকিত রাখতে নিয়মিত পর্যবেক্ষণ ও মেরামত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তীব্র রোদ ও গরমের কারণে কাজ করতে কিছুটা কষ্ট হলেও পৌরবাসীর সুবিধার কথা বিবেচনা করে কর্মীরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্ট্রিট লাইট রক্ষণাবেক্ষণ দলের এক কর্মী জানান, প্রচণ্ড গরমে কাজ করা কঠিন হলেও শহরের মানুষ যেন রাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সৈয়দপুর পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, নাগরিক সেবা অব্যাহত রাখতে পৌরসভার বিভিন্ন বিভাগ নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে স্ট্রিট লাইট সচল রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, যাতে রাতের বেলায় কোনো এলাকা অন্ধকার না থাকে। পৌরবাসীও পৌরসভার এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, প্রচণ্ড তাপদাহের মধ্যেও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা শহরের নাগরিক সেবার প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে