রংপুরের রাজনীতিতে নতুন মাইলফলক

ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি পেলেন নাজমুল আলম নাজু

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৬:০৯ পিএম
ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি পেলেন নাজমুল আলম নাজু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে রংপুরের দুই নেতার গুরুত্বপূর্ণ পদ লাভে জেলার রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে রংপুর জেলা যুবদলের সভাপতি মো. নাজমুল আলম নাজু কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। একই কমিটিতে রংপুরের আরেক নেতা ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলামও গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, নাজমুল আলম নাজুর এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দীর্ঘদিন ধরে রংপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রমে তাঁর নেতৃত্ব, ত্যাগ ও অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি।

চার দশকের রাজনৈতিক সংগ্রামের পথচলা

আশির দশকের মাঝামাঝি সময়ে ছাত্রদলের সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন নাজমুল আলম নাজু। পরবর্তীতে রংপুর সরকারি কলেজ ছাত্রদল, রংপুর শহর ছাত্রদল এবং জেলা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়ে তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তাঁকে একাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে। কারাবরণ, রাজনৈতিক নির্যাতন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।২০০০ সালে রাজনৈতিক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নাজু। চিকিৎসকদের অস্ত্রোপচারে তাঁর একটি কিডনি অপসারণ করতে হয়। এখনো শরীরে গুলির চিহ্ন বহন করছেন তিনি। এরপরও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াননি।

২০০২ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হয়ে যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সভাপতি (রংপুর বিভাগ) এবং সর্বশেষ রংপুর জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি রংপুর বিভাগের অন্যতম পরিচিত যুবনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। রাজনীতির পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রেখেছেন নাজমুল আলম নাজু। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি)-এর পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ পরিচালনা করছেন। এছাড়া তিনি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং এফবিসিসিআইয়ের সাধারণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে