বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা অনুযায়ী চাঁদপুরের সব দোকানপাট ও শপিংমল প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকল ব্যবসায়ীবৃন্দকে এই নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ। এ ব্যাপারে ব্যবসায়ীদের অবগত করে চাঁদপুর চেম্বার এর পক্ষ থেকে শহরে ব্যাপক মাইকিং করা হয়েছে।এর আগেও এই বিষয়ে মাইকিং করা হয়েছিল।
চাঁদপুর চেম্বারের এক জরুরী বিজ্ঞপ্তিতে চাঁদপুরের সর্বস্তরের ব্যবসায়ীদের জানানো হয় যে, সন্ধ্যা ৭ টায় সকল দোকানপাট বন্ধ করার জন্য ইতোমধ্যে সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। সেমতে চাঁদপুর চেম্বার অব কমার্সের পক্ষ হতে মাইকিং এর মাধ্যমে সম্মানিত ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়েছে। কিছু কিছু ব্যবসায়ী সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৭ টার পরেও দোকানপাট খোলা রাখছেন, যাহা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায় সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ করার জন্য ব্যবসায়ীবৃন্দকে পুণরায় অনুরোধ জানানো যাচ্ছে। অনুরোধক্রমে- সভাপতি সুভাষ চন্দ্র রায়। উল্লেখ্য,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭.০০ টার মধ্যে জরুরি পরিসেবা ব্যতীত অন্য সকল দোকান,শপিংমল, বিলবোর্ড, চলমান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের পরিপত্র জারি করা হয়। চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ জানান,বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেটার আলোকে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সকল ব্যবসায়ীদের অনুরোধ জানাচ্ছে যে, সন্ধ্যা সাতটার মধ্যে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকারি নির্দেশনা মেনে চলতে।