সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়নের দমদম-পাঁচপোতা এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজ। পরিদর্শনকালে তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের জীবনযাত্রা, বর্তমান সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি বাসিন্দাদের সাথে কথা বলেন। এ সময় তিনি প্রকল্পের সার্বিক পরিবেশ ও চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
প্রকল্প পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক কাউসার আজিজ তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সুবিধার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। তিনি আশ্রয়ণ প্রকল্পের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও বাসিন্দাদের জীবনমান উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে সরকারের এই মানবিক ও মহতী উদ্যোগের সুফল যেন প্রতিটি উপকারভোগীর কাছে সঠিকভাবে পৌঁছায়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অত্যন্ত আন্তরিকতা ও জবাবদিহিতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে নবাগত জেলা প্রশাসককে নিজেদের মাঝে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। সরাসরি তাঁদের ঘরে এসে খোঁজখবর নেওয়ায় এবং আশ্বাসের বাণী শোনানোয় তাঁরা জেলা প্রশাসকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।