দিঘলিয়ায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

সমাজিক নিরাপত্তা জনগনের সক্রীয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়: পুলিশ সুপার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৭:৪০ পিএম
সমাজিক নিরাপত্তা জনগনের সক্রীয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়: পুলিশ সুপার

খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধুমাত্র পুলিশের একক দায়িত্ব নয়। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। 

পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে অপরাধীরা কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তিনি আরও বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে। মাদক, চুরি, ছিনতাই, শকিশোর গ্যাং, ইভটিজিং ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ দিঘলিয়া থানা আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক জোরদার, আস্থা বৃদ্ধি এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় মাদকবিরোধী অভিযান জোরদার, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং থানাভিত্তিক পুলিশি সেবার মান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে।সভায় পুলিশ সুপার উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পুলিশি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি থানাভিত্তিক সমস্যা দ্রুত সমাধানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। সভার সঞ্চালনায় ছিলেন দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে