নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু বলেছেন, ‘‘আমাদের জীবনের জন্যই পরিবেশের স্বার্থে গাছ লাগাতে হবে। মানুষ এখন অনেক সচেতন। সরকারের উদ্দেশ্য সফল করতে সারাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা এই সবুজ বিপ্লবকে সফল করবো। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কার্যক্রম সফল করতে আমাদের সহযোগিতা থাকবে।” বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) সকালে এমপি তার নির্বাচনী এলাকা নওগাঁ পৌরসভার বরুণকান্দি এলাকায় নওগাঁ-বদলগাছী পাকা সড়কের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনকালে কথাগুলো বলেন। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের দেশব্যাপী ২৫ কোটি চারা রোপণের ঘোষণার ধারাবাহিকতায় এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচিতে জেলা বন বিভাগের সহকারী রেঞ্জার শহিদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস জামান, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষপ্রেমী সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডাব এর সভাপতি ডাঃ ইসকেন্দার আলী, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, এনটিভির সিনিয়র সাংবাদিক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।