বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”এ প্রতিবাদের নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তরুণদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে প্রান্তজন ও পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। বক্তব্য রেখেছেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, সদস্য মেঝবাহউদ্দিন মাননু, দুলালী বেগম প্রমুখ। শপথ অনুষ্ঠানে অংশ নেয়া তরুণরা পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি নির্ভর উন্নয়নের পরিবর্তে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে কাজ করার শপথ গ্রহণ করেন। তারা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে অঙ্গীকার করেন। শপথ গ্রহণ শেষে তরুণরা একটা ব্যানারে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তাদের ভাবনার কথা লেখেন এবং সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন।