নাটোরের লালপুর বাজারের দীর্ঘদিনের প্রত্যাশিত ওয়াশ ব্লক ও সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় লালপুর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লালপুর বাজারের এই ওয়াশ ব্লক ও সড়ক নির্মাণের ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। তবে বাজারের আরও কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরই লালপুর মোড়ের ট্রাফিক জ্যাম নিরসন, বাজারের অব্যবস্থাপনা দূরীকরণ এবং বাজারকে আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।” ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “যদি কেউ চাঁদাবাজি করতে আসে, তাহলে তাকে বেঁধে আমাকে ফোন দিবেন।” তাঁর এ বক্তব্যে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন, লালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজদার রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দীর্ঘদিনের দাবিকৃত ওয়াশ ব্লক সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের ঘোষণাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।