সৈয়দপুরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০১:১৩ পিএম
সৈয়দপুরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি

তীব্র তাপদাহের প্রভাবে নীলফামারীর সৈয়দপুরে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহ ধরে অস্বাভাবিক গরম ও ভ্যাপসা আবহাওয়ার কারণে শিশু, বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। ফলে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ বেড়েছে। সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের আরএমও ডাঃ নাজমুল হুদা জানান, ৭ জুন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত দুই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে এক শয্যায় একাধিক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা জানান, অতিরিক্ত গরমে শিশুদের মধ্যে জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানার সমস্যা বেড়েছে। একই সঙ্গে বয়স্কদের মধ্যেও পানিশূন্যতা ও শ্বাসতন্ত্রজনিত জটিলতা দেখা দিচ্ছে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আর এক চিকিৎসক বলেন,প্রচণ্ড গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান না করায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। অন্যদিকে তাপমাত্রার তারতম্য ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সরা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে রোগীর সংখ্যা আরও বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত জনবল ও চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, তাপদাহের সময়ে বেশি করে বিশুদ্ধ পানি পান, বাসি ও খোলা খাবার পরিহার, শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া এবং অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য।  সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সুত্রে জানা যায়,তাপদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে