স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ছয়দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। রবিবার দুপুর থেকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করছেন। তাদের সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, নতুন পে-স্কেলের সাথে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিএমইউ, বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে এক হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করাসহ তারা ছয় দফা দাবি করেছেন। এ দাবি দ্রুত সময়ে মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকেরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে মেডিক্যাল কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে হাসপাতালের মূল ফটকের সামনে মানববন্ধন করেন।