গাজীপুরের কাপাসিয়ায় নারী ও শিশুর প্রতি সকল ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রোববার দুপুরে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ সভাকক্ষে
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য চম্পা রানীসহ বিভিন্ন ইউপির সংরক্ষিত নারী সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট নারী প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা জানান, নারী ও শিশুর প্রতি শারীরিক, মানসিক, যৌন সহিংসতা এবং শোষণমূলক আচরণই ‘নারী ও শিশু নির্যাতন। বাংলাদেশে এটি দমনের জন্য ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ (সর্বশেষ সংশোধিত) কার্যকর রয়েছ। যেকোনো জরুরি সহায়তায় জাতীয় হেল্পলাইন নম্বরে (১০৯) যোগাযোগ করা যেতে পারে অথবা নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করা যায়।
বিদ্যমান আইনের আওতায় ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। দলবদ্ধ বা সংঘবদ্ধ ধর্ষণের ক্ষেত্রেও একই শাস্তির বিধান রয়েছে। যৌতুকের জন্য মৃত্যু ঘটালে মৃত্যুদণ্ড এবং এসিড নিক্ষেপে দৃষ্টিশক্তি বা মুখমণ্ডল বিকৃত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে হয়।
এসব বিষয়ে সহায়তা ও পরামর্শ পাওয়ার জন্য জাতীয় হেল্পলাইন: ১০৯ (টোল-ফ্রি, ২৪ ঘণ্টা চালু) - নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সরাসরি আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকেন। নির্যাতন প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ওসিসি (ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার)-এর মাধ্যমে চিকিৎসা, আইনি ও পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। এছাড়া বিচার প্রক্রিয়ার বিস্তারিত বিধান জানার জন্য Laws of Bangladesh থেকে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০' পড়তে পারেন।
পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার এগারোটি ইউনিয়নে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।