প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জানিয়েছেন, আগামী অর্থবছরে (২০২৬-২৭) বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
প্রতিমন্ত্রী জানান, “চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সময়ে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও পেশাদার কর্মী পাঠানোর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
বর্তমানে যেসব দেশে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত রয়েছে, সেসব শ্রমবাজার পুনরায় চালু এবং সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।