পিরোজপুরে এক যুবকের কাছ থেকে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। জেলার কাউখালী উপজেলা থেকে শনিবার রাতে আটক সন্দেহভাজন যুবক সজীব সরদার (২০) এর পিরোজপুর সদরের জুজখোলা গ্রামের বাড়ীর পাশের ঝোপ থেকে গতকাল রোববার বিকেলে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটক সজীব ওই গ্রামের জাফর সরদারের ছেলে। গতকাল রাতে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাতে জেলার কাউখালি উপজেলা থানা পুলিশ নিয়মিত টহলকালে সন্দেহভাজন একটি মোটর বাইক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বাইকে থাকা সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন। পরে তাকে নিয়ে পিরোজপুর ও কাউখালী থানা পুলিশ রোববার বিকেলে পিরোজপুর সদরের জুজখোলা গ্রামে সজীবের বাড়ি যায় এবং সজীব তার বাড়ীর পাশের ঝোপ থেকে অস্ত্রটি বের করে পুলিশকে দেন। পুলিশ সুপার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে।