ভোলার দৌলতখানে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলার চরখলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দিদারউল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মিয়ারহাট সিকদার বেকারির লাইনম্যান আলাউদ্দিন রবিবার সকালে মোল্লা বাড়ির পিছনের বিলে গরুর ঘাস কাটতে যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে হাটুর নিচে পায়ের পাতার গিরার উপরে দংশন করে। বিষধর সাপের ছোবলে সে আক্রান্ত হলে প্রথমে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। পরে বরিশালে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর রাতে তার মৃত্যু হয়। মরহুমের পরিবার জানায়, এলাহি বক্স মসজিদ মাঠে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।