সৈয়দপুরে সমাজকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৪:২৯ পিএম
সৈয়দপুরে সমাজকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি ও সমাজকর্মী মাজিদ ইকবাল এর বিরুদ্ধে চলছে অপপ্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চালানো হচ্ছে ওই অপপ্রচার। এতে সামাজিক ও পারিবারিক ভাবে তার সন্মানহানি হচ্ছে। তারই প্রতিবাদে সৈয়দপুরে ২২টি  উর্দুভাষী ক্যাম্পের শিক্ষার্থী, নারী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ৮ জুন সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ক্যাম্পবাসীসহ শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, মাজিদ ইকবাল দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা উন্নয়ন এবং অসহায় শিক্ষার্থীদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সহযোগিতায় অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে এবং বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মানহানির অপচেষ্টা করছে। তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া উচিত। মিথ্যা প্রচার, গুজব ও মানহানিকর তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে