সৈয়দপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৪:৫৪ পিএম
সৈয়দপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রেলওয়ের জমি উদ্ধারে সৈয়দপুরে শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। ৮ জুন থেকে শুরু হওয়া অভিযান চলবে আজ ৯ জুন পর্যন্ত। রেলওয়ের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা অপসারণে সোমবার থেকে অভিযান পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাম্প্রতিক ঘোষণায় সৈয়দপুর স্টেশন এলাকা ও আশপাশের রেলভূমিতে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হওয়ার কথা জানানো হয়েছিল। রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। অভিযানের সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, বছরের পর বছর ধরে সৈয়দপুরের বিপুল পরিমাণ রেলভূমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে গেছে। এসব জমি উদ্ধার করে রেলওয়ের উন্নয়নমূলক কাজে ব্যবহার এবং সরকারি সম্পদ রক্ষার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে সৈয়দপুরে বিপুল পরিমাণ রেলভূমি বেদখলে থাকার তথ্য উঠে এসেছে। ভিযান চলাকালে অনেক দখলদার তাদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়। কেউ কেউ বিকল্প জায়গার দাবি জানালেও রেল কর্তৃপক্ষ বলছে, অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পত্তি সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নোটিশ প্রদান ও প্রচারণার পরই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সৈয়দপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখল হওয়া রেলওয়ের জমি উদ্ধার করা হবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, উচ্ছেদ অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটবে এবং উদ্ধার হওয়া জমি জনস্বার্থে ব্যবহার করা সম্ভব হবে।  সরকারি সম্পত্তি রক্ষা এবং রেলওয়ের জমি উদ্ধার কার্যক্রম কতটা সফল হয়, সেদিকেই এখন নজর স্থানীয়দের।

আপনার জেলার সংবাদ পড়তে