মন্থর উইকেটের কারণে কয়েকদিন আগেও আলোচনায় ছিল মিরপুরের শের-ই বাংলার উইকেট। সফরকারী দলগুলোর অভিযোগ থাকতো স্পিন বান্ধব উইকেট নিয়ে। তবে সেই ধারা থেকে সরে এসে হোম অব ক্রিকেটে দেখা যাচ্ছে ভিন্ন ধারার উইকেট। অস্ট্রেলিয়া সিরিজেও পেস বান্ধব উইকেটই রাখতে পারে বাংলাদেশ। স্পিন সহায়ক নয়, এমন কন্ডিশনে তিন পেসার একাদশে থাকাটা সাধারণ ব্যাপার। তবে চার পেসার খেলানোর সম্ভাবনা কতটা থাকছে? এমন প্রশ্নে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘সবার মানসিকতা এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট। মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি।’ তিনি আরও বলেন, ‘শেষ দুই-তিনটা সিরিজ আমরা দেখেছি। আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করবো ভালো উইকেটে খেলার জন্য। কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিনশেষে আমাদের আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে আত্মবিশ্বাস অর্জন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক উপকার হবে।’ উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘যেহেতু আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং আমরা জানি এই উইকেটটা সম্পর্কে এবং আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, বোলাররা যেভাবে বোলিং করছে লাস্ট দুই তিনটা সিরিজ এবং ব্যাটসম্যানরাও রান করছে, আমার কাছে মনে হয় যে দুইটার কম্বিনেশন যদি ভালো থাকে অবশ্যই আমরা রেজাল্ট আনতে পারবো।’