নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভীমপুর ইউনিয়নের কিসমত কসবা গ্রামের সামসুর রহমানের ছেলে। রোববার (৭ জুন) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহতের ভাতিজা রাজু আহমেদ জানান, সকালে মিজানুর রহমান চকগৌরী হাটে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপর একটি যাত্রীবাহী বাসে ওঠার সময় দূর্ঘটনার শিকার হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মহাদেবপুর থানার ডিউটি অফিসার এএসআই মনিরুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ক্লিয়ারেন্স দেয়া হয়েছে।