ভূরুঙ্গামারী রংপুর মেইল বাস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৭:৪১ পিএম
ভূরুঙ্গামারী রংপুর মেইল বাস   চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরের সাথে সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও নাহিদ হাসান প্রিন্স বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রংপুরের সাথে মেইল বাস সার্ভিস বন্ধ থাকায় দুই উপজেলার লাখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মেইল বাস সার্ভিস চালু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, যৌক্তিক কারণ ছাড়া মেইল বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। রংপুরের সাথে মেইল বাস সার্ভিস চালু হলে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী ও রোগী খুব সহজে রংপুর যাতায়াত করতে পারবে। দ্রুত মেইল বাস সার্ভিস চালু না করা হলে কুড়িগ্রাম মালিক সমিতির বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে দেয়া হবে না। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে