বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অজিদের অগ্নিপরীক্ষা। ওয়ানডে সিরিজ হেরেছে, কোনোমতে এড়িয়েছে হোয়াইটওয়াশ। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে টি-টোয়েন্টি সিরিজ হারলে দাগ লাগবে মান-সম্মানে। তার আগে এক দুঃসংবাদই পেতে হলো অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়াতে হয়েছে এক তারকা ক্রিকেটারকে। তিনি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ওয়ানডে সিরিজে খারাপ করেননি এই ক্রিকেটার। তবে অজি ম্যানেজমেন্ট জানিয়েছে, গ্রিন খেলবেন না টি-টোয়েন্টি সিরিজে। বাংলাদেশে দল রেখেই গ্রিন চলে যাবেন পার্থে। সেখানে গিয়েও অবশ্য বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে। প্রস্তুত হতে হবে দুই দলের টেস্ট সিরিজের জন্য। এক বিবৃতিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল জানিয়েছে, ‘অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে। গ্রিন অল্প সময়ের রিকভারি ও প্রস্তুতি পর্বের জন্য পার্থে ফিরে যাবেন। এরপর তিনি উত্তর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন।’ গ্রিনের বদলি হিসেবে অবশ্য কাউকে দলে ডাকেনি অস্ট্রেলিয়া। এর আগে ট্রাভিস হেডের বদলি হিসেবে দলে নেওয়া হয় নিখিল চৌধুরীকে। প্রসঙ্গত, আগামীকাল বুধবার শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে।