গজারিয়ায় চাঁদা না দেওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১৬ জুন, ২০২৬, ০১:১১ পিএম | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০১:১১ পিএম
গজারিয়ায় চাঁদা না দেওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘাটলা নির্মাণকাজে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি, নির্মাণসামগ্রী চুরি ও কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা ও ঠিকাদার মো. আক্তার হোসেন ভূঁইয়া।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আক্তার হোসেন ভূঁইয়া বলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের বড় বসুরচর এলাকায় একটি ঘাটলা নির্মাণকাজের দায়িত্ব পালন করছেন তিনি। কাজ শুরুর পর থেকেই একটি চক্র বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, গত ৮ জুন সকালে নির্মাণস্থলে গিয়ে দেখতে পান সাইটে রাখা সেন্টারিং কাঠ, প্রায় ২০০ কেজি রড এবং ১৫ থেকে ২০ বস্তা সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নেই। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

আক্তার হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে এবং নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যে রাতের আঁধারে এসব মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বড় বসুরচর এলাকার বাসিন্দা মো. বাদশা মিয়া, মো. ইয়াসিন, মো. বায়েজিদ ও মো. আওলাদ হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। গজারিয়া থানার এস আই আব্দুল কাদের  জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে