বাংলাদেশে কৃষি উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেলেও উৎপাদন-পরবর্তী সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা দীর্ঘদিনের একটি সমস্যা। প্রতি বছর আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটোসহ বিভিন্ন পচনশীল কৃষিপণ্য বাজারজাত ও সংরক্ষণের সীমাবদ্ধতার কারণে উল্লেখযোগ্য পরিমাণে নষ্ট হয়ে যায়। এতে যেমন কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, তেমনি ভোক্তাপর্যায়েও বাজারে অস্থিরতা তৈরি হয়। এই বাস্তবতায় দেশের বিভিন্ন এলাকায় এক হাজার শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম নির্মাণের সরকারি উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আলুর বার্ষিক চাহিদা প্রায় ৯০ লাখ টন হলেও বিদ্যমান হিমাগারগুলোর ধারণক্ষমতা তার অর্ধেকেরও কম। ফলে উৎপাদিত আলুর একটি বড় অংশ সংরক্ষণের সুযোগ পায় না। একই চিত্র পেঁয়াজ ও অন্যান্য পচনশীল কৃষিপণ্যের ক্ষেত্রেও বিদ্যমান। উৎপাদনের মৌসুমে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে যায় এবং কৃষক অনেক সময় উৎপাদন ব্যয়ও তুলতে পারেন না। অন্যদিকে কয়েক মাস পরই বাজারে সংকট তৈরি হলে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে সংরক্ষণ অবকাঠামোর ঘাটতি শুধু কৃষকের নয়, পুরো বাজার ব্যবস্থার জন্যই একটি বড় চ্যালেঞ্জ। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দীর্ঘ প্রকল্প প্রক্রিয়ার পরিবর্তে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের স্বার্থে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের এই মানসিকতা প্রশংসনীয়। একই সঙ্গে চার হাজার পেঁয়াজ সংরক্ষণ মেশিন কেনার পরিকল্পনাও উৎপাদন-পরবর্তী ক্ষতি কমাতে সহায়ক হতে পারে। তবে এমন বৃহৎ উদ্যোগের ক্ষেত্রে শুধু সংখ্যা নয়, গুণগত মান ও ব্যবস্থাপনার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। এক হাজার কোল্ডস্টোরেজ কোথায় স্থাপন করা হবে, কীভাবে পরিচালিত হবে, কৃষকরা কতটা সহজে ব্যবহার করতে পারবেন এবং সংরক্ষণ ব্যয় কত হবে-এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর প্রয়োজন। অতীতে অনেক অবকাঠামো প্রকল্প যথাযথ ব্যবস্থাপনার অভাবে প্রত্যাশিত ফল দিতে পারেনি। তাই পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকির মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থাকে বিপণন, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে। কেবল গুদাম নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না; প্রয়োজন একটি সমন্বিত কৃষি সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা, যেখানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে দক্ষতা নিশ্চিত করা হবে। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত পণ্য সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এক হাজার কোল্ডস্টোরেজ নির্মাণের উদ্যোগ যদি স্বচ্ছতা, দক্ষতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হয়, তবে তা কৃষকের আয় বৃদ্ধি, খাদ্য অপচয় হ্রাস এবং বাজার স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।