মাদকের সঙ্গে আপস নয়: এস.এম. ফয়সল

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৫:০৬ পিএম
মাদকের সঙ্গে আপস নয়: এস.এম. ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন- মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের ভয়াবহ বিস্তার আজ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা দেশের আগামী প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তারা যতই প্রভাবশালী বা ঘনিষ্ঠজন হোক, আইনের আওতায় তাদের আসতেই হবে। মাদক নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মেহেদি হাসানের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মীর খুরশেদ আলম, সাবেক কাউন্সিলর ইশরাত জাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমদ প্রমুখ। সভায় মাধবপুর বাজারের অভ্যন্তরে অবাধে গবাদিপশু চলাচলের বিষয়টিও আলোচনায় আসে। বাজারে গরু ও অন্যান্য গবাদিপশু অবাধে বিচরণ করায় ব্যবসায়ী ও পথচারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে সংসদ সদস্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে টিন ও নগদ টাকা বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে