জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে বাড়ছে নানা ধরনের ঝুঁকি। খরা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও তাপমাত্রার পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের অভিযোজন সক্ষমতা বাড়াতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। এ লক্ষ্যেই রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত চলবে এ মেলা। ২০২৫-২৬ অর্থবছরের “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম)”প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষকদের সামনে জলবায়ু সহনশীল বিভিন্ন প্রযুক্তি, আধুনিক কৃষি উপকরণ ও উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি তুলে ধরা হচ্ছে।
মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি উৎপাদন ব্যবস্থাকে ক্রমেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের ক্ষতি কমাতে জলবায়ু সহনশীল প্রযুক্তির বিকল্প নেই। তাই মাঠপর্যায়ে এসব প্রযুক্তির সম্প্রসারণ জরুরি।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। কৃষকদের মাঝে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি বলেন, মেলার মাধ্যমে কৃষকরা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং সেগুলো মাঠপর্যায়ে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে সক্ষম হবেন। একই সঙ্গে টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির সুফলও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।