চলতি জুন মাসের প্রথম ১৫ দিনেই দেশে এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। প্রতিদিন গড়ে ১০ কোটি ৮৩ লাখ ডলার করে প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি অর্থবছরজুড়েই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, জুনের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৫ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬১ শতাংশ।
সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। গত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
রেমিট্যান্সের ইতিহাসে সর্বোচ্চ মাসিক প্রবাহের রেকর্ড গড়ে গত মার্চে, যখন দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। এর আগে জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।
ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরের শেষভাগেও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে প্রবাসী আয়ের নতুন রেকর্ড গড়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।