চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের।
আজ বুধবার দুপুর ১টায় এখানে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
জানা গেছে, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগদান করছে। নানান রঙের পোশাক পরে সমাবেশেস্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এসেছে, মাঠের একপাশে উপকারভোগীরাও অপেক্ষমান। দলীয় নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দর্শন পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
শাহান আলী মুসা বলেন, আমি সকাল ৯টায় এসেছি প্রধানমন্ত্রীকে দেখার জন্য। চায়ের দেশে তিনি এসেছেন এজন্য আমার মতো হাজার হাজার মানুষ আসছে।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদের মাঝে বিশেষ সহায়তার চেকও প্রদান করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গল শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।