নামাজ বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন, কেউ কিছু বলবে না: বিজেপি মন্ত্রী

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৭ জুন, ২০২৬, ১২:২১ পিএম | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ১২:২১ পিএম
নামাজ বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন, কেউ কিছু বলবে না: বিজেপি মন্ত্রী
ছবি, সংগৃহীত

এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ এক মন্তব্যে করে হঠাৎ আলোচনা-সমালোচনা তৈরি করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না।”

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর এবং কলকাতার রেড রোডে যান চলাচল বন্ধ রাখা নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার এই বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য কলকাতার ঐতিহাসিক রেড রোডে ৭ দিন ধরে যান চলাচল বন্ধ রেখে জোর প্রস্তুতি চালানো হচ্ছে। তবে সম্প্রতি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। একই স্থানে যোগ দিবসের অনুমতি মেলায় এবং নামাজের অনুমতি না পাওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ বৈষম্যের অভিযোগ তোলে।

গত ১৬ জুন মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ নাম না করে সংখ্যালঘু সম্প্রদায়ের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো স্বাভাবিক। ১০৭ বছর ধরে তো (নামাজ) চলেছে, একবার বন্ধ করে দেওয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। বেশি সমস্যা হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব আর চলবে না, সরকার ও মানুষ বদলে গেছে।’

তার এই উসকানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন ধর্মনিরপেক্ষ ও সামাজিক সংগঠন এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এটিকে এ দেশের সম্প্রীতি নষ্টের একটি অপচেষ্টা বলে আখ্যা দিয়েছে। তবে দিলীপ ঘোষ তার দেওয়া বক্তব্যে অনড় রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে