শেষ মুহূর্তে ওভাল টেস্ট থেকে সরে গেলেন জেমি স্মিথ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৮:১২ পিএম
শেষ মুহূর্তে ওভাল টেস্ট থেকে সরে গেলেন জেমি স্মিথ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বড় পরিবর্তন আনতে হয়েছে ইংল্যান্ডকে। দ্য ওভালে শুরু হতে যাওয়া ম্যাচে একাদশে পাঁচটি পরিবর্তন করেছে স্বাগতিকরা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা জেমস রিউয়ের অভিষেক। ইংল্যান্ডের ওভাল টেস্ট একাদশে ছিলেন জেমি। কিন্তু গত মঙ্গলবারই নাম প্রত্যাহার করেন তিনি। উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ দ্বিতীয় সন্তানের জন্মের কারণে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন সমারসেটের তরুণ ক্রিকেটার রিউ। ২২ বছর বয়সী এই ক্রিকেটার ছয় নম্বরে ব্যাট করার পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই স্মিথকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত কয়েক বছরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ধারাবাহিকভাবে রান করে নজর কেড়েছেন রিউ। ২০২৩ মৌসুম শুরুর পর থেকে তিনি ১১টি সেঞ্চুরি করেছেন। ডিভিশন ওয়ানে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ডম সিবলি ও জো ক্লার্কের পরেই তার অবস্থান। শুধু লাল বল নয়, সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজের খেলায় উন্নতি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই অবশেষে ইংল্যান্ড টেস্ট দলে জায়গা পেলেন তিনি। রিউয়ের সঙ্গে এই টেস্টে আরও দুজন ক্রিকেটারের অভিষেক হচ্ছে ব্যাটার জর্ডান কক্স ও পেসার সনি বেকারের। ২০১৭ সালের পর এই প্রথম এক টেস্ট একাদশে তিন অভিষিক্ত ক্রিকেটার খেলাচ্ছে ইংল্যান্ড। এছাড়া ১৯৯৩ সালের পর এবারই প্রথম ইংল্যান্ড এমন একাদশ নিয়ে মাঠে নামছে, যেখানে পাঁচজন ক্রিকেটারের টেস্ট অভিজ্ঞতা এক ম্যাচের বেশি নয়। ইংল্যান্ডের এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক কারণ। শৃঙ্খলাভঙ্গের কারণে দলে নেই অধিনায়ক বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন। চোটের কারণে ছিটকে গেছেন পেসার অলি রবিনসন। দল ভারসাম্য রাখতে বাইরে রাখা হয়েছে স্পিনার শোয়েব বশিরকে। তবে দলে ফিরেছেন জফরা আর্চার ও ম্যাথু ফিশার, যারা পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবেন। স্টোকসের অনুপস্থিতিতে এই ম্যাচে নেতৃত্ব দেবেন জো রুট।

ইংল্যান্ড একাদশ-

বেন ডাকেট, এমিলিও গে, জ্যাকব বেথেল, জো রুট (অধিনায়ক), হ্যারি ব্রুক, জেমস রিউ (উইকেটকিপার), জর্ডান কক্স, জফরা আর্চার, ম্যাথিউ ফিশার, জশ টাং, সনি বেকার।

আপনার জেলার সংবাদ পড়তে