টেকনাফে বিজিবি ও কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১ কোটি ৫ লক্ষাধিক টাকা মূল্যের ২১ হাজার ৩০৩ পিস ইয়াবা উদ্ধার এবং একজন মাদক পাচারকারী গ্রেফতার করেছে। ১৮ জুন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফ থানাধীন হ্নীলা সংলগ্ন এলাকায় ১৮ জুন ভোররাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে টেকনাফের শীলখালী চেকপোস্টে মিনি বাস যোগে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবি ৩০৩ পিস ইয়াবাসহ একজন পাচারকারী আটক করেছে। গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন বড় মহেশখালী গ্রামের বাসিন্দা মৃত আকতার হোসেন এর ছেলে মোঃ নাসির উদ্দিন খোকন (২৩)।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৭ জুন রাতে টেকনাফ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনি বাস শীলখালী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ জ্যাক (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ জ্যাক কর্তৃক যাত্রীর সিটের নিচ থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো খাকী রংয়ের বায়ুরোধী ৩০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক করা হয় বাসের যাত্রী মোঃ নাসির উদ্দীন খোকনকে (২৩)। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।